ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের দিতে হবে মাসিক ফি!

ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের দিতে হবে মাসিক ফি!

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মধ্যে থাকা ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে নতুন ধরনের সাবস্ক্রিপশনভিত্তিক সেবা চালুর পরিকল্পনা করছে মেটা। এর ফলে ভবিষ্যতে অতিরিক্ত কিছু সুবিধা পেতে ব্যবহারকারীদের নির্দিষ্ট অর্থ পরিশোধ করতে হতে পারে।

প্রযুক্তি প্রতিষ্ঠানটি বিজ্ঞাপননির্ভর আয়ের পাশাপাশি নতুন রাজস্ব উৎস তৈরির লক্ষ্যে ‘ফেসবুক প্লাস’, ‘ইনস্টাগ্রাম প্লাস’ এবং ‘হোয়াটসঅ্যাপ প্লাস’ নামে পৃথক সাবস্ক্রিপশন সেবা চালুর উদ্যোগ নিয়েছে। বর্তমানে সীমিত পরিসরে এসব সুবিধা পরীক্ষা করা হচ্ছে বলে জানা গেছে।

মেটার পরিকল্পনা অনুযায়ী, ফেসবুক প্লাস ও ইনস্টাগ্রাম প্লাস ব্যবহার করতে প্রতি মাসে ৩ দশমিক ৯৯ মার্কিন ডলার এবং হোয়াটসঅ্যাপ প্লাসের জন্য ২ দশমিক ৯৯ ডলার খরচ হতে পারে। সাবস্ক্রাইবাররা প্রোফাইল কাস্টমাইজেশন, বিশেষ অ্যানিমেটেড প্রতিক্রিয়া, স্টোরি-সংক্রান্ত বিস্তারিত বিশ্লেষণসহ বিভিন্ন অতিরিক্ত সুবিধা পাবেন।

তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই নতুন সেবাগুলো বর্তমানে চালু থাকা ‘মেটা ভেরিফায়েড’ সেবার বিকল্প নয়। মেটা ভেরিফায়েড মূলত পরিচয় যাচাই, অ্যাকাউন্ট নিরাপত্তা ও গ্রাহক সহায়তাকেন্দ্রিক সুবিধা প্রদান করে থাকে।

মেটার পণ্য বিভাগ সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সময়ের সঙ্গে সঙ্গে নতুন সাবস্ক্রিপশন প্যাকেজে আরও ফিচার যুক্ত করা হবে। পাশাপাশি ‘মেটা ওয়ান’ নামে একটি সমন্বিত প্ল্যাটফর্মের আওতায় বিভিন্ন প্রিমিয়াম সেবা একত্র করার বিষয়েও কাজ চলছে।

বিশ্বব্যাপী ডিজিটাল প্ল্যাটফর্মগুলো ক্রমেই সাবস্ক্রিপশনভিত্তিক সেবার দিকে ঝুঁকছে। সেই প্রবণতার অংশ হিসেবেই মেটা তাদের জনপ্রিয় অ্যাপগুলোতে প্রিমিয়াম সুবিধা যুক্ত করার পথে এগোচ্ছে। এর ফলে ভবিষ্যতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ধরনে নতুন পরিবর্তন আসতে পারে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email