চবির উপ-উপাচার্য (প্রশাসন) পদে যোগদান করেছেন প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম

চবির উপ-উপাচার্য (প্রশাসন) পদে যোগদান করেছেন প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম

মহামান্য রাষ্ট্রপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এর অনুমোদনক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩ এর ১৪(১) ধারা অনুযায়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. সফিকুল ইসলামকে ৪ (চার) বছরের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে মঙ্গলবার (৯ জুন ২০২৬) নিয়োগ প্রদান করা হয়েছে। তিনি বুধবার (১০ জুন ২০২৬) পূর্বাহ্নে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের  উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে যোগদান করেছেন। এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের  উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, সদ্য বিদায়ী উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), প্রভোস্টবৃন্দ, প্রক্টর, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক, চাকসুর পরিচালক, পরীক্ষা নিয়ন্ত্রক, কলেজ পরিদর্শক, শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের একজন অধ্যাপক। উচ্চশিক্ষার ক্ষেত্রে তাঁর সমৃদ্ধ একাডেমিক ব্যাকগ্রাউন্ড রয়েছে। তিনি চীনের সাংহাই বিশ্ববিদ্যালয়ের স্কুল অব লিবারেল আর্টস থেকে ‘গ্লোবাল স্টাডিজ’-এ পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয় থেকে ‘ডেভেলপমেন্ট স্টাডিজ’-এ এমএসসি ডিগ্রি লাভ করেন। এ ছাড়া তিনি আন্তর্জাতিক বিভিন্ন প্রোগ্রাম ও গবেষণার সাথে যুক্ত ছিলেন। ২০১৮ সালে তিনি চীনের গুয়াংসি বিশ্ববিদ্যালয়ের ‘চায়না-আসিয়ান রিসার্চ ইনস্টিটিউট’-এ ভিজিটিং স্কলার হিসেবে কাজ করেছেন এবং যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী ‘ইন্টারন্যাশনাল ভিজিটরস লিডারশিপ প্রোগ্রাম’-এ অংশ নিয়েছেন।

চবির উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে দায়িত্ব নেওয়ার আগে গত ৬ নভেম্বর ২০২৪ থেকে ৯ জুন ২০২৬ পর্যন্ত প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের দায়িত্বে ছিলেন। দেশি-বিদেশি বিভিন্ন নামকরা জার্নালে তাঁর অসংখ্য গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তাঁর গবেষণার মূল ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে তুলনামূলক রাজনীতি, নির্বাচন শাসন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের নীতি, চীন-দক্ষিণ এশিয়া সম্পর্ক, বঙ্গোপসাগর অঞ্চলে চীনের ভূরাজনীতি এবং নন-ট্র্যাডিশনাল নিরাপত্তা ইস্যু।

যোগদানের পর বুধবার (১০ জুন ২০২৬) বেলা ১১টায় নবনিযুক্ত  উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন ও  উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম অন্যান্যদের নিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বাধীনতা স্মৃতিস্তম্ভে, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে এবং শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে বুদ্ধিজীবী চত্বরে পূষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), প্রভোস্টবৃন্দ, প্রক্টর, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক, চাকসু কেন্দ্রের পরিচালক, বিভিন্ন বিভাগ-ইনস্টিটিউটের সভাপতি/পরিচালকবৃন্দ, সহকারী প্রক্টরবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রশাসকবৃন্দ, শিক্ষকবৃন্দ, বিভিন্ন অফিস প্রধানগণ এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email