চট্টগ্রাম নগরীর বিসিক শিল্প এলাকায় সশস্ত্র মহড়া সন্ত্রাসীদের, ফাঁকা গুলি

চট্টগ্রাম নগরীর বিসিক শিল্প এলাকায় সশস্ত্র মহড়া সন্ত্রাসীদের, ফাঁকা গুলি

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন বিসিক শিল্প এলাকায় আবারও সশস্ত্র মহড়া দিয়েছে সন্ত্রাসীরা। স্থানীয়দের দাবি, বোরহান বাহিনীর সদস্যরা প্রকাশ্যে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে।
ঘটনার পর এক যুবদল নেতাকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার (২০ জুন) দুপুরে বিসিক শিল্প এলাকার একটি শিল্পপ্রতিষ্ঠানের সামনে পাঁচজনের একটি দল অবস্থান নেয়।
তাদের হাতে আগ্নেয়াস্ত্র দেখা যায়। পরে তারা প্রতিষ্ঠানে প্রবেশের আগে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মীরা নিরাপদ স্থানে সরে যান।

প্রত্যক্ষদর্শী কয়েকজনের দাবি, গুলির ঘটনার কিছুক্ষণ পর ৪ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী ও যুবদলের এক নেতাকে মুঠোফোনে হুমকি দেওয়া হয়। তাঁকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয় এবং শারীরিক ক্ষতির হুমকি দেওয়া হয়। ঘটনার সঙ্গে জড়িত হিসেবে স্থানীয়ভাবে পরিচিত বোরহান বাহিনীর নাম উল্লেখ করছেন এলাকাবাসী। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিসিক শিল্প এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও বিভিন্ন কারখানার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দলটি সক্রিয়। দলটির প্রধান বোরহান বিভিন্ন সময়ে ভিন্ন রাজনৈতিক পরিচয়ে এলাকায় প্রভাব বিস্তার করে আসছে।

একাধিক সূত্রের ভাষ্য, রাজনৈতিক পট পরিবর্তনের পর বোরহানের প্রভাব আরও বেড়েছে। বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগের পাশাপাশি কয়েকটি হত্যা মামলায়ও তার নাম রয়েছে। তবে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, বিসিক এলাকায় গুলির ঘটনার তথ্য পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। থানায় অভিযোগ দিতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- চাঁদা দাবিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। তদন্তে কয়েকজনের নাম উঠে এসেছে। পুলিশ নিজ উদ্যোগে বিষয়টি খতিয়ে দেখছে এবং জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ চলছে।প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বিসিক শিল্প এলাকায় কয়েক দফা গুলির ঘটনা ঘটেছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email