
নারীর ক্ষমতায়ন এবং অন্তর্ভুক্তিমূলক সুশাসনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার লক্ষ্যে চট্টগ্রামে ‘এসডিজি-৫ ও এসডিজি-১৬ বিষয়ক এসডিজি মডেল ডিসেমিনেশন সেশন’ আয়োজন করেছে ইউএনওপিএস বাংলাদেশ।
২৩ জুন মঙ্গলবার নগরীর আগ্রাবাদ হোটেলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, উন্নয়ন সহযোগী, তরুণ নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদসহ বিভিন্ন পর্যায়ের অংশীজন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নের জন্য একটি কার্যকর ও অংশগ্রহণমূলক মডেল উপস্থাপন করা হয়।
আয়োজকরা জানান, অনুষ্ঠানটি ‘বাংলাদেশে এসডিজি-৫ ও এসডিজি- ১৬ স্থানীয়করণের মাধ্যমে নারীর রাজনৈতিক নেতৃত্ব জোরদারকরণ’ শীর্ষক যৌথ কর্মসূচির অংশ। ইউএনওপিএস ও ইউএন উইমেন যৌথভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করছে, যা জয়েন্ট এসডিজি ফান্ডের সহায়তায় পরিচালিত হচ্ছে।
কর্মসূচির মূল লক্ষ্য হলো স্থানীয় পর্যায়ে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং তরুণী ও স্কুলপড়ুয়া মেয়েদের ক্ষমতায়নের মাধ্যমে নারীর নেতৃত্ব বিকাশে সহায়ক পরিবেশ সৃষ্টি করা। এ লক্ষ্যে স্থানীয় থিংক ট্যাঙ্ক, মেন্টরশিপ নেটওয়ার্ক এবং নেতৃত্ব উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। উদ্ভাবনী এ মডেল পরীক্ষণ ও সম্প্রসারণে চট্টগ্রাম গুরুত্বপূর্ণ আঞ্চলিক কেন্দ্র হিসেবে ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানে এসডিজি স্থানীয়করণ মডেল বাস্তবায়নের অভিজ্ঞতা ও অর্জিত শিক্ষা তুলে ধরা হয়। পাশাপাশি স্থানীয় তরুণ নারী নেতাদের অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা বিনিময় এবং স্থানীয় সরকার ব্যবস্থায় জেন্ডার-সংবেদনশীল দৃষ্টিভঙ্গি অন্তর্ভুক্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন,স্থানীয় জনগোষ্ঠীর চাহিদা, বাস্তবতা ও প্রত্যাশার যথাযথ প্রতিফলন ঘটলেই টেকসই উন্নয়ন অর্থবহ হয়ে ওঠে। নারীদের এবং তরুণদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সম্পৃক্ত করা বাংলাদেশের জন্য আরও অন্তর্ভুক্তিমূলক, জবাবদিহিমূলক ও সহনশীল প্রতিষ্ঠান গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইউএনওপিএস বাংলাদেশের পক্ষে বক্তব্য দেন প্রকল্প ব্যবস্থাপক শিরিন সুলতানা। তিনি বলেন, এই উদ্যোগের মাধ্যমে ইউএনওপিএস স্থানীয়ভাবে পরিচালিত এমন সমাধানকে সমর্থন করছে, যা নারীর নেতৃত্ব এবং স্থানীয় পর্যায়ের প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদার করে। মেন্টরশিপের সুযোগ সৃষ্টি এবং অন্তর্ভুক্তিমূলক সংলাপের মাধ্যমে আমরা এসডিজি-৫ ও এসডিজি-১৬ অর্জনের জন্য একটি টেকসই পথ তৈরি করছি।
বক্তারা বলেন, এ ডিসেমিনেশন সেশন এসডিজি স্থানীয়করণে ইউএনওপিএস বাংলাদেশ ও এর অংশীদারদের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করেছে। প্রমাণভিত্তিক মডেল, আন্তঃখাত সহযোগিতা এবং স্থানীয় জনগোষ্ঠীকেন্দ্রিক উদ্যোগের মাধ্যমে কাউকে পেছনে ফেলে না রেখে টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।







