
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণাভিত্তিক সংগঠন এডুকেশন ক্লাব (Chittagong University Education Club – CUEC) এর গ্র্যান্ড লঞ্চিং বা আনুষ্ঠানিক শুভ উদ্বোধন “Pathway to Research & Beyond” শীর্ষক অনুষ্ঠান আজ মঙ্গলবার (২৪ জুন ২০২৬) বেলা ১২টায় চবি মেরিন সায়েন্সস এন্ড ফিশারিজ অনুষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা ও বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) ও রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম এবং প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, শিক্ষকের মূল কাজ হলো—শিক্ষার্থীদের ভেতর জ্ঞান অন্বেষণের অনুপ্রেরণা বা তৃষ্ণা তৈরি করা। এখন আপনাদের সামনে চ্যাটজিপিটি, ইন্টারনেট ও প্রযুক্তির বিশাল দুনিয়া খোলা আছে। এই ক্লাবগুলোর মূল কাজ হওয়া উচিত শিক্ষার্থীদের ক্যারিয়ার ও রেজাল্ট ভালো করার জন্য একটি শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরি করা। আজকের এই সুন্দর ক্লাবের অগ্রযাত্রা সফল হোক। প্রথম দিন থেকেই এর সাথে যুক্ত থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আপনাদের সবার জন্য অনেক শুভকামনা ও দোয়া রইল।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম সবাইকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, এডুকেশন ক্লাব বেশি বেশি থাকা দরকার বিশ্ববিদ্যালয়ে। এর মাধ্যমে শিক্ষার্থীরা শিক্ষা ও গবেষণার প্রতি আগ্রহী হবে। আমাদের শিক্ষার্থীরা এখন অনেক সচেতন। তারা নিজ উদ্যােগে দক্ষ হয়ে উঠছে। এটা খুবই আশা জাগানিয়া। এটা ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে খুবই কাজে দিবে। তিনি সবাইকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চ (IER)-এর পরিচালক প্রফেসর ড. উদিতি দাশ। অনুষ্ঠানে কি-নোট স্পিকার হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. আদনান মান্নান।
এছাড়া আমন্ত্রিত বক্তা হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে একাডেমিক গবেষণা ও ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে আলোচনা করেন আইইআর (IER)-এর সহকারী অধ্যাপক তাসনিয়া রুবায়েত এবং প্রভাষক সায়েদা ফারেহা লাহারেন। বক্তারা তাদের বক্তব্যে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রম এবং গবেষণামুখী মানসিকতা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এডুকেশন ক্লাব আগামীতে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও গবেষণার পথ সুগম করতে অগ্রণী ভূমিকা পালন করবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অন্যান্য শিক্ষকবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, সংগঠনটির সভাপতি ঋতু ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক ফারহান বিন আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন তানভীর কায়েস লিওন।







