চট্টগ্রাম সিটিতে ৫৯ স্থানে এআই ট্রাফিক ব্যবস্থাপনা

চট্টগ্রাম সিটিতে ৫৯ স্থানে এআই ট্রাফিক ব্যবস্থাপনা
 সড়ক দুর্ঘটনায় মৃত্যু ও গুরুতর আহতের ঘটনা কমাতে অবকাঠামোগত নকশার মাধ্যমে যানবাহনের গতি নিয়ন্ত্রণে গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা।
এ লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) ও ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউটের (ডব্লিউআরআই) যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (৯ জুলাই) নগরের দ্য পেনিনসুলা চিটাগং হোটেলে দিনব্যাপী ‘স্পিড রিডাকশন থ্রু ইনফ্রাস্ট্রাকচার ডিজাইন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় চসিকের ১৫ জন প্রকৌশলী এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ১০ জন কর্মকর্তা অংশ নেন। নিরাপদ সড়ক নকশা প্রণয়ন এবং পথচারীসহ সব ধরনের সড়ক ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিত করতে অংশগ্রহণকারীদের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া বলেন, সড়ক নিরাপদ করতে চসিক ও বিআইজিআরএসের অংশীদারদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে সিএমপি। দুর্ঘটনা কমাতে নগরীতে গতিসীমা নির্দেশিকা কার্যকর করা হবে।

একই সঙ্গে তিনি চালক ও সড়ক ব্যবহারকারীদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিন বলেন, নগরীর ৫৯টি স্থানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে দুটি মোড়ে পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হবে। এআই ক্যামেরার পাশাপাশি সড়ক চিহ্ন, পথচারী পারাপারের সুবিধা ও প্রয়োজনীয় অবকাঠামোও নির্মাণ করা হবে। তবে সড়ক ব্যবহারকারীরা আইন না মানলে নিরাপদ সড়ক নিশ্চিত করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। 

সিএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মোহাম্মদ লিয়াকত আলী খান বলেন, পুলিশ ট্রাফিক ব্যবস্থাপনা ও শৃঙ্খলা রক্ষায় কাজ করে, আর সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব সিটি কর্পোরেশনের। দুই প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগেই নিরাপদ সড়ক নিশ্চিত করা সম্ভব।

কর্মশালার কারিগরি অধিবেশনে গতি ও সড়ক নিরাপত্তার সম্পর্ক, আন্তর্জাতিক অভিজ্ঞতা, নিরাপদ সড়ক নকশা এবং অবকাঠামোভিত্তিক গতি নিয়ন্ত্রণ কৌশল নিয়ে আলোচনা হয়। দিনশেষে দলভিত্তিক নকশা অনুশীলনের মাধ্যমে অংশগ্রহণকারীরা বাস্তব পরিস্থিতিতে এসব ধারণার প্রয়োগ করেন। পরে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email