চবি আবৃত্তি মঞ্চের ১১তম আবৃত্তি উৎসব অনুষ্ঠিত

চবি আবৃত্তি মঞ্চের ১১তম আবৃত্তি উৎসব অনুষ্ঠিত

“বুলেট-বোমা দানবের নয়, কবিতারই হবে জয়” প্রতিপাদ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের ১১তম আবৃত্তি উৎসব বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) চবি সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আবৃত্তি মঞ্চের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। তাই ব্যস্ততার মধ্যেও আজকের এই আয়োজনে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত। আমি বিশ্বাস করি, আবৃত্তি শুধু কবিতা পাঠ নয়; এটি শুদ্ধ উচ্চারণ, সুন্দর ভাষাচর্চা, মননশীলতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার একটি শক্তিশালী মাধ্যম। আমাদের সব শিক্ষার্থী যদি সাহিত্য ও আবৃত্তির চর্চায় যুক্ত হয়, তবে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ আরও সুন্দর, সহনশীল ও সৃজনশীল হবে। এসময় তিনি নিজের শৈশবের স্মৃতিচারণ করে আবেগাপ্লুত হন এবং ভবিষ্যৎ প্রজন্মের জীবন আরও কবিতাময় ও মানবিক হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলা বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শেখ সাদী, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ফজলে এলাহি শশী এবং অনুষ্ঠানের সম্মানিত অতিথি বিশিষ্ট আবৃত্তিশিল্পী সৈয়দা সাজিদা খানম। সমাপনী বক্তব্য রাখেন আবৃত্তি মঞ্চের সভাপতি তাসলিম হাসান এবং স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মনিষা তঞ্চঙ্গ্যা।

আবৃত্তি মঞ্চের সদস্য মো. সাব্বির হোসেন ও ঐতিহ্য দেওয়ানের সঞ্চালনায় আয়োজিত এ উৎসবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সংস্কৃতিকর্মী, অভিভাবক এবং বিপুল সংখ্যক আবৃত্তিপ্রেমী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। কবিতা, আবৃত্তি ও সংস্কৃতিচর্চার মাধ্যমে মানবিক মূল্যবোধ, শান্তি এবং অসাম্প্রদায়িক চেতনা বিকাশের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে উৎসবের সফল সমাপ্তি ঘটে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email