
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় চট্টগ্রামের রাউজান উপজেলার বিভিন্ন এলাকা পানিবন্দী হয়ে পড়েছে। বিশেষ করে ডাবুয়া খালের ভাঙনের কারণে ডাবুয়া ইউনিয়নের শতাধিক পরিবার চরম দুর্ভোগে রয়েছে। অনেক পরিবারের ঘরে রান্না বন্ধ হয়ে যাওয়ায় দেখা দিয়েছে খাদ্যসংকট। এমন পরিস্থিতিতে উপজেলা প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মীরাও দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন।
গতকাল বিকেলে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. রাহাতুল ইসলাম ডাবুয়া ইউনিয়নের কান্দিপাড়া এলাকার বন্যাকবলিত পরিবারগুলো পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার ও রান্না করা খাবার বিতরণ করেন এবং তাদের খোঁজখবর নেন।
ইউএনও এস. এম. রাহাতুল ইসলাম বলেন, টানা বর্ষণে ডাবুয়াসহ রাউজানের বিভিন্ন এলাকায় হাজারো পরিবার পানিবন্দী হয়ে রয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সার্বক্ষণিক কাজ করছে। আমরা সাধ্যমতো খাদ্য ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিচ্ছি। পাশাপাশি সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদেরও বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন ডাবুয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ আরিফ উদ্দিন, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, উপজেলা যুবদল নেতা আব্দুল শুক্কুর, ডাবুয়া ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান, ইউনিয়ন বিএনপি নেতা মোঃ জহুর, কৃষকদলের সভাপতি দীল মোহাম্মদ, যুবদল নেতা মোঃ ইলিয়াস, সমাজসেবক মোঃ জসিম উদ্দিন, বিএনপি নেতা আবদুল নুর, মোহাম্মদ সালাউদ্দিন, মোঃ জাহাঙ্গীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এদিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও রাউজান থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী-এর নির্দেশনায় রাউজান উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথক পৃথক টিম গঠন করে বন্যাকবলিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ও প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রেখেছেন।
মানবিক এ কার্যক্রমে অংশ নিচ্ছেন উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল, বিএনপি নেতা মোহাম্মদ কামাল উদ্দিন, কাজী সরোয়ার খান মনজু, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তছলিম উদ্দীন ইমন, জেলা যুবদলের সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক সৈয়দ তহিদুল আলম, উপজেলা যুবদলের সভাপতি এম. শাহজাহান শাহিল, পৌরসভা যুবদলের সভাপতি আরিফুল ইসলাম, ইয়াকুব বাদশা, উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুল কাদেরসহ প্রায় অর্ধশতাধিক ত্রাণ টিম।
বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী-এর ব্যক্তিগত সহকারী (পিএস) রাশেদুল ইসলাম জানান, রাউজান উপজেলা ও পৌরসভার ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে এমপি মহোদয়ের কাছে পাঠানো হয়েছে। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের দায়িত্বশীলদের কাছ থেকে প্রকৃত ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করে জরুরি সরকারি সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তালিকা প্রেরণ করা হয়েছে।
অন্যদিকে রাউজান পৌরসভার প্রশাসক অংছিং মারমা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সরেজমিনে গিয়ে পানিবন্দী পরিবারের মাঝে শুকনো খাবার ও রান্না করা খাবার বিতরণ করেন।
স্থানীয়রা জানান, চলমান বন্যা পরিস্থিতিতে উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন এবং রাজনৈতিক নেতৃবৃন্দ নিজ নিজ অবস্থান থেকে সমন্বিতভাবে পানিবন্দী মানুষের পাশে কাজ করে যাচ্ছেন। তাদের এ মানবিক উদ্যোগ দুর্গত মানুষের মাঝে স্বস্তি ও আশার সঞ্চার করেছে।







