
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরওয়ার আলমগীর শপথ গ্রহণ করেই বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন। শুক্রবার (১০ জুলাই) উপজেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি তিনি বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
দিনের শুরুতে তিনি নিজ বাসভবনে জুমার নামাজ আদায় করেন। পরে মাইজভান্ডার দরবার শরীফ জিয়ারত করেন এবং সেখানে আগত মুসল্লিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এরপর সাংসদ সরওয়ার আলমগীর সুন্দরপুর ও হারুয়ালছড়ি ইউনিয়নের বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন। হারুয়ালছড়ি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রায় ৩০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় তিনি দুর্গত মানুষের খোঁজখবর নেন এবং তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার আশ্বাস দেন।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ সরওয়ার আলমগীর বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। ফটিকছড়ির কোনো মানুষ যেন অসহায় অবস্থায় না থাকে, সে লক্ষ্যে আমি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।
তিনি আরও বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে কাজ করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। উপস্থিত ছিলেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান, ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী, বিএনপি নেতা মোবারক হোসেন কাঞ্চন, উত্তর জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা।পরে সাংসদ সরওয়ার আলমগীর বাবুনগর মাদ্রাসায় আসরের নামাজ আদায় করেন।







