তিন দফা দাবিতে সড়ক অবরোধে এইচএসসি পরীক্ষার্থীরা

তিন দফা দাবিতে সড়ক অবরোধে এইচএসসি পরীক্ষার্থীরা

টানা বৃষ্টির পর হাতে প্ল্যাকার্ড নিয়ে সড়কে বসে পড়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা। কেউ স্লোগান দিচ্ছেন, কেউ তিন দফা দাবি লেখা ব্যানার উঁচিয়ে ধরেছেন। তাদের অবস্থানের কারণে চট্টগ্রাম নগরের ষোলশহর এলাকায় যান চলাচল ব্যাহত হয়। পরীক্ষা স্থগিত, অনুপস্থিত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা এবং নষ্ট হওয়া কাগজপত্র দ্রুত সরবরাহের দাবিতে এ আন্দোলন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১২টার দিকে নগরের ষোলশহর এলাকায় এই সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন চট্টগ্রামের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, টানা বৃষ্টির মধ্যে পরীক্ষা দিতে গিয়ে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ছেন। পাশাপাশি বৃষ্টির পানিতে ক্যালকুলেটর, এডমিট কার্ডসহ প্রয়োজনীয় কাগজপত্র নষ্ট হয়ে যাচ্ছে, যা পরীক্ষার্থীদের জন্য বাড়তি দুর্ভোগ সৃষ্টি করছে।

তাদের অভিযোগ, বিদ্যমান প্রতিকূল আবহাওয়ার বিষয়টি বিবেচনায় না নিয়ে কর্তৃপক্ষ শিক্ষার্থীদের প্রতি অমানবিক আচরণ করছে। এ পরিস্থিতিতে বৈরী আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত রাখার দাবি জানান তারা।
আন্দোলনকারীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে, বৈরী আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা, গত ১২ ও ১৩ জুলাই প্রতিকূল আবহাওয়ার কারণে যারা পরীক্ষায় অংশ নিতে পারেনি তাদের জন্য পুনরায় পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা এবং বৃষ্টির কারণে যেসব শিক্ষার্থীর এডমিট কার্ড বা প্রয়োজনীয় কাগজপত্র নষ্ট হয়ে গেছে বা হারিয়ে গেছে, তাদের দ্রুত সময়ের মধ্যে শিক্ষা বোর্ড থেকে পুনরায় কাগজপত্র সরবরাহ করা। এছাড়া সারাদেশে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ এবং কোনো নির্দিষ্ট এলাকার জন্য বৈষম্যমূলক সিদ্ধান্ত না নেওয়ার দাবিও তাদের কর্মসূচির অন্তর্ভুক্ত।

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো এলাকায় কঠোর নিরাপত্তা বলয় তৈরি করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানা যায়।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email