
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগ কোনোভাবেই অর্থ বা অন্য কোনো প্রাপ্তির মাধ্যমে পূরণ করা সম্ভব নয়। তাদের রক্তের যথাযথ মর্যাদা দিতে হলে জনগণের সেবায় নিবেদিত থেকে একটি জবাবদিহিমূলক, গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তুলতে হবে।
আজ বুধবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে জেলাপ্রশাসন আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে এর তাৎপর্য নিয়ে আলোচনা সভা এবং জুলাই শহিদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সম্মানে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা একক গোষ্ঠীর অর্জন নয় এটি দীর্ঘদিনের অত্যাচার, নির্যাতন, শোষণ, নিপীড়ন, গুম ও হত্যার বিরুদ্ধে দেশের সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ গণআন্দোলনের পরিণতি। ছাত্র, শ্রমিক, পেশাজীবী, সাধারণ মানুষসহ দেশপ্রেমিক জনগণ ঐক্যবদ্ধ হয়ে এই আন্দোলনকে সফল করেছেন।
প্রতিমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনা ছিল গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা। এই চেতনা অক্ষুণ্ন রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের প্রশ্নে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।
প্রতিমন্ত্রী আরো বলেন জুলাই সনদের বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠন করে ইতোমধ্যে এর কার্যক্রম শুরু হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সকল রাজনৈতিক দল ও অংশীজন এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করে গঠনমূলক মতামত প্রদান করবেন।
তিনি বলেন, দেশের প্রকৃত মালিক জনগণ। জনপ্রতিনিধি ও সরকারি দায়িত্বে থাকা ব্যক্তিরা জনগণের সেবক হিসেবে কাজ করবেন এই মনোভাব নিয়েই রাষ্ট্র পরিচালিত হওয়া উচিত। তরুণ প্রজন্মকে তিনি সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর পরিচালক ইসরাফিল খসরু, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী এবং চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলমসহ প্রমুখ।
এছাড়া আয়োজিত অনুষ্ঠানে জুলাই শহিদ পরিবারের সদস্যবৃন্দ, আহত জুলাই যোদ্ধা,জুলাই যোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে, জুলাই শহিদ ও আহত পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান এবং ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।







