,

চবিতে দুই দিনব্যাপী ১ম RCASBC আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী পর্ব অনুষ্ঠিত

চবিতে দুই দিনব্যাপী ১ম RCASBC আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী পর্ব অনুষ্ঠিত

হংকং রিসার্চ সেন্টার ফর এশিয়ান স্টাডিজ বাংলাদেশ সেন্টার (আরসিএএসবিসি) এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ-এর উদ্যােগে “Rethinking Rule-Based Global Order: Middle and Small States in a Changing World” প্রতিপাদ্যে দুই দিনব্যাপী ১ম RCASBC আন্তর্জাতিক সম্মেলন ২০২৬-এর সমাপনী পর্ব আজ সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) বিকাল ৫.৩০টায় চবি সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

সমাপনী সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন।

বক্তব্যে চবি  উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের অন্যতম লক্ষ্য হলো একটি প্রাণবন্ত একাডেমিক পরিবেশ তৈরি করা; যেখানে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরা জ্ঞানচর্চা, গবেষণা ও পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে নতুন চিন্তার বিকাশ ঘটাবে। এই সম্মেলনে ২৪টি দেশের অংশগ্রহণ এবং ২৫০টিরও বেশি গবেষণাপত্র উপস্থাপন প্রমাণ করে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক একাডেমিক পরিমণ্ডলে তার অবস্থান আরও শক্তিশালী করছে। এ ধরনের আয়োজন শুধু জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি করে না; বরং বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষক ও শিক্ষাবিদদের মধ্যে দীর্ঘমেয়াদি যোগাযোগ ও সহযোগিতার পথও তৈরি করে। আশা করি, সম্মেলনে উপস্থাপিত গবেষণা ও আলোচনার ফলাফল নীতিনির্ধারকদের জন্য কার্যকর নির্দেশনা হিসেবে কাজ করবে। তিনি সবাইকে ধন্যবাদ জানান।

চবি  উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আমি আশা করি, বিভিন্ন দেশ থেকে আসা গবেষক ও অংশগ্রহণকারীরা এই সম্মেলন থেকে যে অভিজ্ঞতা ও বার্তা নিয়ে নিজ নিজ দেশে ফিরবেন, তা ভবিষ্যৎ গবেষণা, নীতিনির্ধারণ ও আন্তর্জাতিক সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ২৪টি দেশের অংশগ্রহণকারীদের মধ্যে ইতোমধ্যে একটি শক্তিশালী একাডেমিক নেটওয়ার্ক তৈরি হয়েছে। তিনি সবাইকে ধন্যবাদ জানান।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি ও আয়োজক কমিটির সদস্য সচিব মোহাম্মদ নিয়াজ মোরশেদের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক এবং হংকং রিসার্চ সেন্টার ফর এশিয়ান স্টাডিজ বাংলাদেশ-এর পরিচালক প্রফেসর ড. সুজিত কুমার দত্ত।

দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষাবিদ, গবেষক, শিক্ষক, কূটনীতিক, নীতিনির্ধারক ও বিভিন্ন পেশাজীবী অংশগ্রহণ করেন। সম্মেলনে বিশ্বের ২৪টি দেশ থেকে মোট ৪৫৭টি গবেষণা-সারসংক্ষেপ জমা পড়েছে। জমা পড়া গবেষণা-সারসংক্ষেপগুলোতে ৮০০-এর বেশি স্বতন্ত্র লেখক ও গবেষক এবং বিশ্বের ১২০টিরও বেশি বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, থিংক ট্যাংক ও অন্যান্য একাডেমিক ও পেশাজীবী প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব ছিল। গবেষণা-সারসংক্ষেপ পর্যালোচনা ও বাছাই প্রক্রিয়া শেষে সম্মেলনের ছয়টি বিষয়ভিত্তিক সেশনে প্রায় ২০০টি গবেষণাপত্র উপস্থাপিত হয়েছে।