,

দুর্গোৎসবে সবার ঘরে আনন্দ ছড়িয়ে পড়ুক: স্পিকার

দুর্গোৎসবে সবার ঘরে আনন্দ ছড়িয়ে পড়ুক: স্পিকার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায় তথা সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। উৎসবের এই পুণ্যলগ্নে তিনি বৈষম্যহীন, শান্তিময় ও সামাজিক সংহতিতে সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন।

রোববার (১৮ অক্টোবর) এক শুভেচ্ছা বার্তায় বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন আহমদ বলেন, শারদপ্রাতের উদ্ভাসিত আলোয় আশ্বিনের শেষভাগে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিনি দেশের সনাতন ধর্মাবলম্বীদের প্রতি ভালোবাসা ও শুভকামনা জানান।

তিনি উল্লেখ করেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে সারা দেশে ধর্মীয় সম্প্রীতির এক বিশাল উৎসবের আবহ তৈরি হয়। এ উৎসবের মধ্য দিয়ে সমাজে বিরাজমান যেকোনো ধরনের বৈষম্য ও অবিচারের অন্ধকার দূর হবে এবং সর্বত্র সাম্য, মৈত্রী ও সৌহার্দ্যের নতুন ভোরের সূচনা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে বাংলার চিরায়ত ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ এবং সংস্কৃতির সৌন্দর্য সব সময় অক্ষুণ্ন থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

শুভেচ্ছা জানিয়ে স্পিকার বলেন, উৎসবের এই দিনগুলো মানুষের জীবনে অফুরন্ত প্রেরণা বয়ে আনুক এবং আগামী দিনগুলোকে আরও সাফল্যমণ্ডিত ও উৎসবমুখর করে তুলুক। সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তায় আমাদের বহুমাত্রিক সমাজ ও জীবনবোধ সমৃদ্ধ হয়ে উঠুক। ধর্মীয়, সাংস্কৃতিক কিংবা সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিভিন্ন ধর্ম, গোত্র ও সম্প্রদায়ের মানুষের পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে বলে তিনি প্রত্যাশা করেন।

সামাজিক সংহতি ও ধর্মীয় সম্প্রীতির মহান চেতনাকে ধারণ করে সবাইকে একসঙ্গে একটি সুন্দর, শান্তিময় ও বৈষম্যহীন দেশ গড়ে তোলার আহ্বান জানান হাফিজ উদ্দিন আহমদ। তিনি শারদীয় দুর্গোৎসবের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন এবং উৎসবের অনাবিল আনন্দ সবার ঘরে ঘরে ছড়িয়ে পড়বে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।