
চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মাইশা মুসফিয়াত (২১) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় লেন ও রেললাইন অবরোধ করেছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা অবরোধ শুরু করেন। এর আগে সকাল ৯টার দিকে সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউসি) ক্যাম্পাসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাইশা মুসফিয়াত বিশ্ববিদ্যালয়টির ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়া এলাকার সাখাওয়াত হোসেন ও সালমা আক্তারের মেয়ে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ক্লাস শেষে বাড়ি যাওয়ার জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের পাশে অপেক্ষা করছিলেন। এ সময় দ্রুতগতির একটি লরি সামনে থাকা স্থানীয় রুটের ৮ নম্বর বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের চাপা দেয়। দুর্ঘটনায় তিনজন আহত হন।
পরে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক মাইশা মুসফিয়াতকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী মাইশা গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল (অব.) মোহাম্মদ কাসেম পিএসসি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শিক্ষার্থী নিহতের ঘটনায় মঙ্গলবারের সব ক্লাস স্থগিত ঘোষণা করা হয়েছে।
প্রতিবেদন লেখা পর্যন্ত, দুপুর দেড়টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় লেন ও রেললাইন অবরোধ করে রেখেছিলেন শিক্ষার্থীরা।







