,

চবির হীরকজয়ন্তী উৎসবে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রাক্তন শিক্ষার্থীদের

চবির হীরকজয়ন্তী উৎসবে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রাক্তন শিক্ষার্থীদের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে হীরকজয়ন্তী উৎসব সফল করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। আগামী ১৮ নভেম্বর বিশ্ববিদ্যালয় দিবসে আয়োজিত হীরকজয়ন্তীর মিলনমেলায় প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা উঠে আসে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ। সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও হীরকজয়ন্তী আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান।

প্রধান আলোচকের বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আবেগাপ্লুত হওয়ার কথা উল্লেখ করে বলেন, আগামী ১৮ নভেম্বর বিশ্ববিদ্যালয় দিবসে হীরকজয়ন্তী উদযাপন উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের বরণ করে নিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। এ আয়োজন সফল করতে তিনি প্রাক্তন শিক্ষার্থীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

সভায় বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম, চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য মাহবুবের রহমান শামীম এবং সংগঠনের সদস্য একরামুল করিম ও এম এ হালিম।

সভাপতির বক্তব্যে চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ ধন্যবাদ জানান এবং সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ ছাড়া বক্তব্য দেন কাজী মাহমুদ ইমাম বিলু, দাউদ আব্দুল্লাহ লিটন, এডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, সহযোগী অধ্যাপক এ.জি.এম. নিয়াজ উদ্দিন,কামরুল মেহেদী, মোদাচ্ছের আলী,সোহরাব হোসেন সোহেল, হাফিজ আল আসাদ, অ্যাডভোকেট আবু সাঈদ, মোহাম্মদ সেলিমউদ্দিন, মামুনুর রশীদ ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্য ও প্রাক্তন শিক্ষার্থীরা।