,

মানবিকতা না থাকলে ডিগ্রির মূল্য কী: ডিসি জাহিদ

মানবিকতা না থাকলে ডিগ্রির মূল্য কী: ডিসি জাহিদ

‘আমাদের অনেক বড় বড় ডিগ্রি আছে। কিন্তু সেই ডিগ্রি দিয়ে যদি অসহায় মানুষের পাশে দাঁড়াতে না পারি, বড়দের সম্মান করতে না পারি, ছোটদের ভালোবাসতে না পারি কিংবা সমাজে নিরাপত্তা তৈরি করতে না পারি, তাহলে সেই ডিগ্রির মূল্য কী? আমরা এমন শিক্ষায় শিক্ষিত হতে চাই, যে শিক্ষা মানবিক মূল্যবোধের বিকাশ ঘটায়, দেশপ্রেম জাগ্রত করে এবং সমাজ পরিবর্তনে সহায়তা করে।’

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) কর্ণফুলী উপজেলায় এক বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জন নয়, শিক্ষার উদ্দেশ্য হওয়া উচিত মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ গড়ে তোলা। অর্জিত জ্ঞান ও দক্ষতা মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। উপজেলার ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠান এ প্রতিযোগিতায় অংশ নেয়। বিতর্কের বিষয় ছিল ‘মেধা পাচার রোধে শিক্ষাব্যবস্থার সংস্কারের চেয়ে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো অধিক ফলপ্রসূ’। চূড়ান্ত পর্বে দৌলতপুর বহুমুখী উচ্চবিদ্যালয় বিজয়ী এবং আজিম-হাকিম স্কুল ও কলেজ রানারআপ হয়।

শিক্ষার্থীদের যুক্তি ও উপস্থাপনার প্রশংসা করে জেলা প্রশাসক বলেন, উপজেলা পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এমন উচ্চমানের বিতর্ক তাঁকে অভিভূত করেছে। তাদের আত্মবিশ্বাস ও বিশ্লেষণী দক্ষতা প্রমাণ করে, বাংলাদেশের তরুণদের বিশ্বমঞ্চে নিজেদের যোগ্যতা তুলে ধরার সক্ষমতা রয়েছে।

জাহিদুল ইসলাম বলেন, ‘আমাদের সবচেয়ে বড় সম্পদ মেধাবী তরুণ প্রজন্ম। তাদের নিয়ে যত বেশি কাজ করা হবে, যত বেশি সৃজনশীল আয়োজন করা হবে, দেশ ও সমাজ তত বেশি উপকৃত হবে।’

শিক্ষাব্যবস্থাকে সময়োপযোগী করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। পৃথিবী প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। আমাদেরও নিজেদের জ্ঞান ও দক্ষতা প্রতিনিয়ত উন্নত করতে হবে। বইয়ের বাইরেও সারা বিশ্বকে জানতে হবে এবং বিশ্বমঞ্চে নিজেকে যোগ্যভাবে উপস্থাপন করার মতো করে গড়ে তুলতে হবে।’

বিশ্বায়ন ও প্রযুক্তির অগ্রগতিতে কর্মসংস্থানের ধরন বদলে যাচ্ছে উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, যোগ্যতা থাকলে এখন পৃথিবীর যেকোনো প্রান্তে বসে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের জন্য কাজ করা সম্ভব। তাই শিক্ষার্থীদের নতুন প্রযুক্তি ও উদ্ভাবন সম্পর্কে জানতে হবে।

তরুণদের সফলতার জন্য আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম ও দৃঢ়সংকল্পের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, আত্মবিশ্বাস মানে শুধু নিজেকে উপস্থাপন করা নয়, চ্যালেঞ্জ মোকাবিলার সাহস অর্জন করা। সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কঠোর পরিশ্রম করলে কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছানো সম্ভব।

এ প্রসঙ্গে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ড্রোন গবেষণা দল ‘টিম স্টারাপ্টর’-এর আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের উদ্যোগের কথা উল্লেখ করেন জেলা প্রশাসক। তিনি বলেন, দেশের তরুণেরা প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের সক্ষমতার পরিচয় দিচ্ছেন।

শিক্ষকদের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শিক্ষকেরা নিজেদের আদর্শ ও অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে গড়ে তুলতে পারলে শিক্ষার্থীরাও সঠিক পথে পরিচালিত হবে। তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

বিতর্ক প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরে জেলা প্রশাসক বলেন, জয়-পরাজয়ের চেয়ে প্রতিযোগিতা থেকে অর্জিত অভিজ্ঞতা বেশি গুরুত্বপূর্ণ। পরাজয় থেকে শিক্ষা নিয়ে নিজেকে পরিবর্তন করতে হবে। দেশের সব উপজেলায় এ ধরনের সৃজনশীল প্রতিযোগিতা আয়োজনের আহ্বান জানান তিনি।

কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিদুয়ানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

একই দিন উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় জেলা প্রশাসক নাগরিক সেবায় গাফিলতি না করা এবং নির্ধারিত সময়ে দাপ্তরিক কাজ শেষ করার নির্দেশ দেন।

পরে উপজেলা ভূমি অফিস পরিদর্শন করে নামজারি ও ভূমিসেবা প্রদানে বিলম্ব হচ্ছে কি না, সে বিষয়ে খোঁজ নেন। নাগরিক ভোগান্তি নিরসনে নিয়মিত বিবিধ মামলার শুনানি গ্রহণের নির্দেশ দেন তিনি।

এ ছাড়া চরলক্ষ্যা ইউনিয়ন উচ্চবিদ্যালয়ে একটি পাঠাগারের উদ্বোধন করেন জেলা প্রশাসক।