১৪ হাজার সাংবাদিকের ব্যক্তিগত তথ্য ফাঁস

১৪ হাজার সাংবাদিকের ব্যক্তিগত তথ্য ফাঁস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কার্ডের জন্য আবেদন করা প্রায় ১৪ হাজার সাংবাদিকের ব্যক্তিগত তথ্য নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে উন্মুক্ত হয়ে গেছে।

শনিবার বিকেল চারটার দিকে ইসির নির্দিষ্ট ওয়েবসাইটে আবেদনকারীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ও মোবাইল নম্বরসহ সব তথ্য সবার জন্য উন্মুক্ত অবস্থায় দেখা যায়।

নির্বাচন কমিশনের নির্ধারিত ওয়েবসাইট (pr.ecs.gov.bd)–এর মাধ্যমে সাংবাদিক ও পর্যবেক্ষকদের এসব আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হয়েছিল। বিকেলে কেউ ওই ওয়েবসাইটে প্রবেশের সাথে সাথেই ১৪ হাজার সাংবাদিকের আবেদনের তালিকা হোম পেজে চলে আসছিল।

সেখানে আবেদনকারীর নাম, এনআইডি নম্বর ও মোবাইল নম্বর সরাসরি দেখা যাচ্ছিল এবং সম্পূর্ণ আবেদনপত্রটি খোলার সুযোগ ছিল। তবে কিছু সময় পর ওয়েবসাইটটিতে আর প্রবেশ করা যায়নি।

নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সাথে আলোচনা না করেই অনলাইন পদ্ধতিতে এ সিস্টেম চালু করেছিল ইসির জনসংযোগ শাখা। পরে সাংবাদিকদের আপত্তির মুখে গত বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আগের পদ্ধতিতে কার্ড ও গাড়ির স্টিকার দেওয়ার সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত পরিবর্তনের আগে প্রায় ১৪ হাজার সাংবাদিক অনলাইন সিস্টেমে আবেদন করেছিলেন।

এ বিষয়ে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক বলেন, অনলাইন সিস্টেম গত শুক্রবার বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার এটি কীভাবে ওপেন হলো, তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

পরে তিনি জানান, বিকেলে ওয়েবসাইটের অ্যাডমিনের দায়িত্বে থাকা ব্যক্তি এটি ওপেন করেছিলেন। তবে এখন ওয়েবসাইটটি বন্ধ আছে।

ইসির নির্দেশনা অনুযায়ী, অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য জাতীয় পরিচয়পত্র নম্বর, ই-মেইল ঠিকানা, মোবাইল নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করতে হয়েছিল। সব ধাপ পূরণ করার পর ওটিপি যাচাইয়ের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়। এখন সেই সংবেদনশীল তথ্যগুলোই উন্মুক্ত হয়ে পড়ার ঘটনায় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email