
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র একদিন বাকি। ভোটকেন্দ্রে দ্রুত ও নির্বিঘ্নে ভোট দিতে ভোটার নম্বর জানা থাকা জরুরি। অনেকেই এনআইডি নম্বরকে ভোটার নম্বর মনে করেন, যা সঠিক নয়। ঘরে বসেই খুব সহজে ৪টি উপায়ে আপনি আপনার ভোটার নম্বর ও কেন্দ্রের তথ্য জেনে নিতে পারেন।
১. স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপ: প্লে-স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘Smart Election Management BD’ অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করুন। অ্যাপে এনআইডি নম্বর ও জন্ম তারিখ ইনপুট দিলে আপনার ভোটার নম্বর, ক্রমিক নম্বর এবং কেন্দ্রের নাম ও ঠিকানা তাৎক্ষণিকভাবে স্ক্রিনে প্রদর্শিত হবে।
২. ১০৫ হটলাইন নম্বর: যেকোনো মোবাইল থেকে সরাসরি ১০৫ নম্বরে কল করে এই তথ্য জানা যাবে। কল করার পর ৯ প্রেস করে অপারেটরের সঙ্গে কথা বলতে হবে। প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এই সেবা চালু থাকবে। তথ্য পেতে আপনার এনআইডি ও জন্ম তারিখ হাতের কাছে রাখুন।
৩. এসএমএস পদ্ধতি: ইন্টারনেট সুবিধা না থাকলেও মোবাইলের মেসেজ অপশনে গিয়ে PC লিখে স্পেস দিয়ে আপনার এনআইডি নম্বরটি লিখুন। এরপর পাঠিয়ে দিন ১০৫ নম্বরে। ফিরতি বার্তায় আপনাকে ভোটার নম্বর ও নির্দিষ্ট ভোটকেন্দ্রের নাম জানিয়ে দেওয়া হবে।
৪. নির্বাচন কমিশনের ওয়েবসাইট: ব্রাউজার থেকে নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে ‘ভোটকেন্দ্র’ মেনুতে ক্লিক করুন। সেখানে এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিয়ে সার্চ করলে আপনার তথ্য চলে আসবে। এখান থেকে গুগল ম্যাপের মাধ্যমে কেন্দ্রের সঠিক অবস্থান দেখে নেওয়ার সুবিধাও রয়েছে।
ভোটার নম্বর ও কেন্দ্রের সঠিক তথ্য আগে থেকে সংগ্রহ করে রাখলে ভোটের দিন অনাকাঙ্ক্ষিত বিড়ম্বনা এড়ানো সম্ভব। তাই আজই আপনার তথ্যগুলো যাচাই করে নিন।







