প্রধানমন্ত্রী তারেক রহমান সব বিষয়ে নজর রাখেন-মীর হেলাল

প্রধানমন্ত্রী তারেক রহমান সব বিষয়ে নজর রাখেন-মীর হেলাল

যাকাতগ্রহীতারা দাতাদের ফরজ আদায়ে সাহায্য করেন: মীর হেলাল যাকাত গ্রহীতারা যাকাত দাতাদের ফরজ আদায়ে সহায়তা করেন বলে মন্তব্য করেছেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। শনিবার (১৪ মার্চ) চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় সরকারি যাকাত ফান্ড থেকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, সম্পদের ওপর নির্ধারিত পরিমাণ যাকাত দেওয়া ফরজ। যারা যাকাত গ্রহণ করেন, এটি তাদের প্রাপ্য।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সব বিষয়ে নজর রাখেন। রমজান মাসে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে যাকাত কার্যক্রম চালুর উদ্যোগ তাঁর দূরদর্শিতার প্রমাণ। তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার এক মাস পূর্ণ হওয়ার আগেই গুরুত্বপূর্ণ কয়েকটি কাজ বাস্তবায়ন করে দেখিয়েছে।

অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, এপ্রিল–মে মাসে সাধারণত ডেঙ্গুর প্রকোপ বাড়ে। আগে থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া গেলে রোগীর সংখ্যা অনেক কমানো সম্ভব। এতে মানুষের দুর্ভোগ যেমন কমবে, তেমনি স্বাস্থ্যসেবার ওপর চাপও কমে আসবে।

হাটহাজারী পৌর এলাকায় জলাবদ্ধতার বিষয়ে তিনি বলেন, অনেক ক্ষেত্রে মানুষের অসচেতনতার কারণেই এ সমস্যা তৈরি হচ্ছে। বিভিন্ন ড্রেনে মাটি ও বাসাবাড়ির বর্জ্য জমে পানি চলাচল বন্ধ হয়ে যায়। পলিথিনে বর্জ্য ভরে ড্রেনে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে শিগগিরই বর্জ্য থেকে জৈব সার তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া, সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, উপজেলা বিএনপির আহ্বায়ক জাকের হোসেন, সদস্যসচিব মো. গিয়াস উদ্দিন, পৌরসভা বিএনপির সদস্যসচিব মো. অহিদুল আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

পরে প্রতিমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে ফতেপুর ইউনিয়নে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অতিদরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email