তামাকমুক্ত বাংলাদেশ গঠনে সমন্বিত উদ্যোগ প্রয়োজন –বিভাগীয় কমিশনার

তামাকমুক্ত বাংলাদেশ গঠনে সমন্বিত উদ্যোগ প্রয়োজন --বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলছেন,তামাকজনিত রোগ, অকালমৃত্যু এবং অর্থনৈতিক ক্ষতি দেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তামাক নিয়ন্ত্রণে আইন থাকলেও এর কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম, সামাজিক সংগঠন এবং সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
বিভাগীয় কমিশনার আজ চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বিভাগ কমিশনার চট্টগ্রামের আয়োজনে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন বাস্তবায়নে করণীয় শীর্ষক” বিভাগীয় তামাক বিরোধী সেমিনার ২০২৬ এ প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন।
মুখোশ ভাঙো, আসক্তি ছাড়ো, তামাক- নিকোটিনমুক্ত জীবন গড়ো এই প্রতিপাদ্যে বিভাগীয় কমিশনার বলেন, তামাক নিয়ন্ত্রণে সরকারের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তবে আইন বাস্তবায়নের ক্ষেত্রে সামাজিক সচেতনতা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং বিকল্প অর্থনৈতিক সুযোগ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে তামাক ব্যবহারের বিস্তারকে উদ্বেগজনক উল্লেখ করে এ বিষয়ে কঠোর নজরদারির আহ্বান জানান।
বিভাগীয় কমিশনার আরো বলেন,সেমিনারে ইসিগারেট নিয়ন্ত্রণ, তামাক চাষ নিরুৎসাহিত করা, তামাক বিক্রেতাদের বিকল্প জীবিকার ব্যবস্থা এবং তামাক কোম্পানির প্রভাব মোকাবিলার বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, তামাকমুক্ত বাংলাদেশ গড়তে সরকারি ও বেসরকারি সকল পক্ষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বিভাগীয় কমিশনার বলেন,বর্তমান সরকার দেশের যুবসমাজকে তামাক ও মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে ক্রীড়া কার্যক্রমের সম্প্রসারণ ও উন্নয়নে বিশেষ গুরুত্ব প্রদান করছে। সরকারের বিশ্বাস, খেলাধুলা শুধু শারীরিক সুস্থতাই নিশ্চিত করে না, বরং তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, আত্মবিশ্বাস এবং ইতিবাচক জীবনবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বলেন, খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত তরুণরা তামাক ও অন্যান্য ক্ষতিকর আসক্তি থেকে দূরে থাকে এবং একটি সুস্থ, কর্মক্ষম ও উৎপাদনশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখে। সরকার একটি সুস্থ ও তামাকমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে যুবসমাজকে ক্রীড়ামুখী করতে এবং তাদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে বদ্ধপরিকর।
ড. মোঃ জিয়াউদ্দীন বলেন, তামাক চাষে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক উপাদান ও কীটনাশক নদীর পানি এবং আশপাশের পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। বিশেষ করে দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হিসেবে পরিচিত হালদা নদীর প্রতিবেশ সংরক্ষণে তামাক চাষ নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি হয়ে উঠেছিল।সরকারি গেজেটের ফলে হালদা নদীর তীরবর্তী নির্ধারিত এলাকায় আর কোনো ধরনের তামাক চাষ করা যাবে না।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার উন্নয়ন মোঃ মোতাহার হোসেনের সভাপতিত্বে আয়েজিত সেমিনারে তামাকের ক্ষতিকর দিক ও আইন নিয়ে চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) সেখ ফজলে রাব্বি মূল প্রবন্ধ উপস্থাপন করেন,চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ,চট্টগ্রামের সিভিল সার্জান ডা.জাহাঙ্গীর আলম বিশেষ অতিথির বক্তৃতা করেন। আলোচনা সভায় সরকারি বিভিন্ন দপ্তরের বিভাগীয় কর্মকর্তাগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার আইন বাস্তবায়নে করণীয় শীর্ষক বিভাগীয় তামাক বিরোধী সেমিনারের পূর্বে সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে বর্নাঢ্য র‌্যালি শুরু করে কাজির দেউরী মোড় হয়ে আবার সার্কিট হাউজ এসে র‌্যালি শেষ হয়।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email