মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ভূমিকা নিয়ে সেমিনারে সিএমপি কমিশনার

মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ভূমিকা নিয়ে সেমিনারে সিএমপি কমিশনার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উদ্যোগে “মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে তরুণদের করণীয় ও চ্যালেঞ্জ” শীর্ষক এক সেমিনার আজ ২১ জুন সকাল চট্টগ্রাম সরকারি সিটি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
উক্ত সেমিনারে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী মহোদয়। বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাহিদ হোসেন মোল্লা, অতিরিক্ত পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, চট্টগ্রাম এবং প্রফেসর জসিম উদ্দিন আহমেদ, উপাধ্যক্ষ, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম। আলোচক হিসেবে অংশগ্রহণ করেন প্রফেসর মোহাম্মদ আলমগীর, বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি সিটি কলেজ।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন  মোঃ মানজুরুল ইসলাম, উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো (দক্ষিণ) কার্যালয়। তিনি তাঁর প্রবন্ধে মাদকাসক্তির বর্তমান পরিস্থিতি, এর সামাজিক ও পারিবারিক প্রভাব, তরুণ সমাজের করণীয় এবং মাদকমুক্ত বাংলাদেশ গঠনে সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি সিটি কলেজের অধ্যক্ষ জনাব আবু ছালেহ মোহাম্মদ নঈম উদ্দীন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “মাদক নিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; এর জন্য প্রয়োজন নৈতিক মূল্যবোধের বিকাশ এবং সামাজিক প্রতিরোধ। পরিবারই সামাজিক প্রতিরোধের প্রথম ও প্রধান সূতিকাগার। পরিবার থেকে সন্তানদের মধ্যে নৈতিক শিক্ষা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে পারলে মাদকাসক্তি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব। মাদকমুক্ত বাংলাদেশ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ এবং রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”
সেমিনারে বক্তারা মাদকাসক্তি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, নৈতিক মূল্যবোধের বিকাশ, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে তরুণদের সক্রিয় অংশগ্রহণ এবং পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় সেমিনারে উপস্থিত ছিলেন সিএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং সরকারি সিটি কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email