
চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রিয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির প্রধান নির্বাচন কমিশনার জনাব আবুল হাশেম বক্কর বলেছেন, “বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মুক্তির জন্য কখনো কোনো আপস করেননি। আপোসহীন নেত্রী হিসেবে দেশের মানুষের অধিকার রক্ষায় তাঁর ত্যাগ ও সংগ্রামের কারণে আল্লাহ তাঁকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন। ইতিহাসের পাতায় গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়ার লড়াই ও সংগ্রামের ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
সোমবার রাতে নগরীর নতুন স্টেশন রোডস্থ হোটেল সৈকতে ঐতিহ্যবাহী রিয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬-২০২৯ ইং)-এর শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রিয়াজউদ্দিন বাজারের সঙ্গে নিজের পারিবারিক স্মৃতি ও ঐতিহ্য স্মরণ করে আবুল হাশেম বক্কর বলেন, “এ বাজারটি আমার বাড়ির মতো। এই বাজারের প্রতিষ্ঠায় আমার বাবাসহ পরিবারের অনেকের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কিন্তু বিগত সময়ে এ বাজারে যে নির্বাচনগুলো হয়েছিল, তা ছিল ভাগবাটোয়ারার নির্বাচন। জাতীয় নির্বাচনের মতো প্রতিটি সেক্টরের নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়েছিল। এবার আমাকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, আমি একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পেরেছি—এটিই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।”
বাজারের সুশাসন ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখার হুঁশিয়ারি দিয়ে তিনি স্পষ্ট জানান, “রিয়াজউদ্দিন বাজারে কোনো প্রকার সন্ত্রাস কিংবা চাঁদাবাজি চলবে না। অবৈধ কোনো ব্যবসাও এখানে পরিচালনা করতে দেওয়া হবে না। বাজারের শান্তি ও শৃঙ্খলা রক্ষা করতে হবে, যে যার ইচ্ছেমতো বাজার চালাতে পারবেন না। ভুয়া বা নিজের ইচ্ছেমতো ভোটার বানানোর সুযোগ আর নেই; শুধু প্রকৃত ব্যবসায়ীরাই ভোটার অধিকার পাবেন।”
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সিএমপির কোতোয়ালী জোনের সাবেক এসি মোঃ মাহফুজুর রহমান। বিশেষ অতিথি কোতয়ালী থানার ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আলহাজ্ব মোঃ আবু তাহের ও সদস্য সচিব আলহাজ্ব মোঃ হেলাল হোসেন। শপথ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির নবনির্বাচিত সভাপতি জনাব আলী আব্বাস খাঁন এবং পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কাশেম চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রিয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ সাইফুল আলম (জনি), সহ-সভাপতি মোঃ ইয়াসিন রেজা চৌধুরী ও আলহাজ্ব আবু আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফারুক শিবলী জাফর আহাম্মদ, কোষাধ্যক্ষ মোঃ কফিল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মোমেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জসিম উদ্দিন, ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক এস. এম. মিজানুর রহমান, প্রচার ও যোগাযোগ সম্পাদক মোঃ মেহরাজ, দপ্তর ও পাঠাগার সম্পাদক মাহমুদুল হক, কার্যকরী সদস্য মোঃ নুরুল আবছার, কাজী মোঃ সোহানুর রহমান, আবু জাফর মোঃ সাদেক, মোঃ লিটন, মাহমুদুল হক, মোঃ কফিল উদ্দিন চৌধুরী, মোঃ সাহাব উদ্দিন, মোঃ জাহেদ হোসেন মুন্না, মোঃ তৈয়বুল ইসলাম ও মোঃ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা রিয়াজউদ্দিন বাজারের সার্বিক ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি ও দিকনির্দেশনা তুলে ধরেন। বক্তারা বলেন, আমরা জলাবদ্ধতামুক্ত ও সুন্দর একটি ব্যবসায়িক পরিবেশ চাই। একই সঙ্গে ক্রেতা ও সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে ফুটপাত সম্পূর্ণ দখলমুক্ত করতে হবে। যারা ফুটপাতে ব্যবসা করেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, নালায় বসুন তাও মেনে নেওয়া যায়, কিন্তু ফুটপাত দখল করে যানজট সৃষ্টি করা যাবে না। আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত ক্রেতা সন্তুষ্টি অর্জন করা। চট্টগ্রামের অন্যান্য মার্কেটের তুলনায় রিয়াজউদ্দিন বাজারে পণ্যের দাম কম, এই সুনাম ও আস্থা আমাদের ধরে রাখতে হবে।







