
নগরীর সড়ক সংস্কার, অবকাঠামোগত উন্নয়ন, অবৈধ দখল উচ্ছেদ, পরিচ্ছন্নতা ও সবুজায়ন কার্যক্রম আরও গতিশীল করতে রোড সুপারভাইজারদের কাজের পরিধি বাড়ানোর নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন। সড়কের ক্ষয়ক্ষতি চিহ্নিত করার পাশাপাশি সড়ক বিভাজকের গাছপালা ও নিরাপত্তাবেষ্টনীর রক্ষণাবেক্ষণ, অবৈধ ব্যানার-পোস্টার অপসারণ এবং যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধে মাঠপর্যায়ে নজরদারি জোরদার করার নির্দেশনা দেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) টাইগারপাসে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নগর ভবনে চসিকের আওতাধীন রোড সুপারভাইজারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব নির্দেশনা দেন।
প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, নগরীর যোগাযোগব্যবস্থার উন্নয়ন শুধু নতুন সড়ক নির্মাণ কিংবা পুরোনো সড়ক সংস্কারের মধ্যে সীমাবদ্ধ নয়। সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা, নিরাপত্তাবেষ্টনী সচল রাখা, সড়ক বিভাজকের গাছপালার পরিচর্যা এবং সড়কের পরিচ্ছন্নতা নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোড সুপারভাইজাররা প্রতিদিন মাঠপর্যায়ে দায়িত্ব পালন করেন। ফলে কোথায় সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে, কোথায় অবৈধ দখল হচ্ছে কিংবা কোথায় নাগরিক চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, তা দ্রুত চিহ্নিত করে কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।
নগরীর অবৈধ দখল ও ব্যানার-পোস্টার অপসারণ কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, নগরজুড়ে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন। সড়ক ও ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদের পাশাপাশি বিভিন্ন স্থানে অননুমোদিতভাবে লাগানো ব্যানার, পোস্টার ও বিজ্ঞাপনসামগ্রী অপসারণ করা হচ্ছে। বিশেষ করে বিভিন্ন কোচিং সেন্টার ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রচারণামূলক ব্যানার-পোস্টার যত্রতত্র লাগানোর কারণে নগরীর সৌন্দর্য নষ্ট হচ্ছে। অনেক ক্ষেত্রে এসব বিজ্ঞাপনসামগ্রী পথচারীদের চলাচল ও সড়কের দৃশ্যমানতায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
তিনি বলেন, নিজের ব্যানার-পোস্টারও অপসারণ করে নষ্ট করার নির্দেশ দিয়েছি। নগরীর সৌন্দর্য ও শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই। ব্যক্তিগত কিংবা প্রাতিষ্ঠানিক প্রচারণার নামে যেখানে-সেখানে ব্যানার-পোস্টার লাগিয়ে নগরীর পরিবেশ নষ্ট করা যাবে না। রোড সুপারভাইজারদের নিজ নিজ এলাকায় এ ধরনের কর্মকাণ্ড নজরে এলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। একই সঙ্গে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা, সড়কের জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ কিংবা জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির বিষয়গুলোও চিহ্নিত করতে হবে।
মতবিনিময় সভায় রোড সুপারভাইজাররা জানান, মাঠপর্যায়ে দায়িত্ব পালন করতে গিয়ে তাঁদের অনেক সময় নানা ধরনের প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়। বিশেষ করে সড়ক ও ফুটপাতের অবৈধ দখলদারদের সতর্ক করা কিংবা অনিয়ম বন্ধ করতে গেলে স্থানীয় পর্যায়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বাধা ও অসহযোগিতার সম্মুখীন হতে হয়। ফলে অনেক ক্ষেত্রে তাঁরা তাৎক্ষণিকভাবে কার্যকর ব্যবস্থা নিতে পারেন না।
রোড সুপারভাইজারদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রশাসক বলেন, কোথাও অবৈধ দখল বা অনিয়ম দেখতে পেলে নিজেরা ঝুঁকি নিয়ে পরিস্থিতি মোকাবিলা করতে যাবেন না। কোথাও বাধার সম্মুখীন হলে সরাসরি প্রধান প্রকৌশলীসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। প্রয়োজনে সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পাঠিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আপনাদের দায়িত্ব হলো মাঠপর্যায়ের সঠিক তথ্য দ্রুত কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া। পরবর্তী ব্যবস্থা গ্রহণের দায়িত্ব প্রশাসনের। নগরীর স্বার্থে কাজ করতে গিয়ে কেউ যাতে অযথা হয়রানি বা বাধার সম্মুখীন না হন, সে বিষয়েও প্রয়োজনীয় সমন্বয় করা হবে।
নগরীর সবুজায়ন কার্যক্রম প্রসঙ্গে প্রশাসক বলেন, চট্টগ্রামকে সবুজ নগর হিসেবে গড়ে তুলতে ইতোমধ্যে প্রায় দুই লাখ গাছ লাগানো হয়েছে। আমাদের লক্ষ্য পর্যায়ক্রমে এই বৃক্ষরোপণ কার্যক্রম ১০ লাখে উন্নীত করা। এ লক্ষ্যে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। রোড সুপারভাইজারদের তাঁদের সঙ্গে সমন্বয় করে বৃক্ষরোপণের উপযুক্ত স্থান চিহ্নিত করা এবং রোপিত গাছের পরিচর্যা ও সুরক্ষা নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয়ে যায় না; গাছগুলো বাঁচিয়ে রাখা এবং নিয়মিত পরিচর্যা করাও সমান গুরুত্বপূর্ণ। বিশেষ করে সড়কের মিড আইল্যান্ড বা বিভাজকে লাগানো গাছের অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। কোথাও গাছ নষ্ট হয়ে গেলে, নিরাপত্তাবেষ্টনী ক্ষতিগ্রস্ত হলে কিংবা পরিচর্যার অভাবে গাছ শুকিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিলে দ্রুত সংশ্লিষ্ট আঞ্চলিক কর্মকর্তা ও বিভাগকে জানাতে হবে। রোড সুপারভাইজারদের সমন্বিত তদারকির মাধ্যমে বৃক্ষরোপণ কার্যক্রমের সুফল ধরে রাখতে হবে।
সড়কের পরিচ্ছন্নতা প্রসঙ্গে তিনি বলেন, অনেক স্থানে সড়কের মাঝখানে, মিড আইল্যান্ডের পাশে কিংবা ফুটপাতের ওপর যত্রতত্র ময়লা ফেলা হচ্ছে। এতে একদিকে নগরীর সৌন্দর্য নষ্ট হচ্ছে, অন্যদিকে পরিবেশদূষণ ও নাগরিক দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। রোড সুপারভাইজারদের এসব স্থান চিহ্নিত করে পরিচ্ছন্নতা বিভাগের সঙ্গে যোগাযোগ করতে হবে। কোথাও নিয়মিত ময়লা ফেলা হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক করার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।
সড়ক সংস্কার কার্যক্রম সম্পর্কে প্রশাসক বলেন, নগরীর অধিকাংশ ক্ষতিগ্রস্ত সড়ক আগামী ছয় মাসের মধ্যে সংস্কারের লক্ষ্যে প্রকৌশল বিভাগ কাজ করছে। শুষ্ক মৌসুমের সুযোগ কাজে লাগিয়ে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে হবে। কোন সড়কে বড় ধরনের খানাখন্দ সৃষ্টি হয়েছে, কোথায় জরুরি মেরামত প্রয়োজন এবং কোন সড়কের ক্ষয়ক্ষতির কারণে যানবাহন ও পথচারীদের চলাচল ব্যাহত হচ্ছে, সে বিষয়ে রোড সুপারভাইজারদের নিয়মিত তথ্য সংগ্রহ করে প্রধান প্রকৌশলীকে জানাতে হবে। পাশাপাশি চলমান সংস্কারকাজের অগ্রগতি ও গুণগত মান পর্যবেক্ষণেও তাঁদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
জলাবদ্ধতা নিরসনে মাঠপর্যায়ে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়ে তিনি বলেন, সড়ক ও পানি নিষ্কাশনব্যবস্থা একে অপরের সঙ্গে সম্পর্কিত। ড্রেনের কোথাও ময়লা জমে পানি চলাচল বন্ধ হয়ে গেলে কিংবা নালা ক্ষতিগ্রস্ত হলে তার প্রভাব সড়কের ওপরও পড়ে। তাই সড়কের পাশাপাশি সংলগ্ন নালা-নর্দমার অবস্থাও পর্যবেক্ষণ করতে হবে। কোথাও পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা দেখা দিলে দ্রুত সংশ্লিষ্ট প্রকৌশলী ও পরিচ্ছন্নতা বিভাগকে জানিয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এতে বর্ষা মৌসুমে জলাবদ্ধতাজনিত দুর্ভোগ কমানোর পাশাপাশি সড়কের স্থায়িত্বও বাড়ানো সম্ভব হবে।
প্রশাসক আরও বলেন, নগরীর ৪১টি ওয়ার্ডে নাগরিক সেবার মান উন্নত করতে মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের আরও দায়িত্বশীল হতে হবে। নগরীর কোথায় কী সমস্যা হচ্ছে, তা জানতে শুধু দাপ্তরিক প্রতিবেদনের ওপর নির্ভর করলে চলবে না। নিয়মিত মাঠপরিদর্শন, সমস্যা চিহ্নিতকরণ এবং দ্রুত সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে সমন্বয় নিশ্চিত করতে হবে। রোড সুপারভাইজারদের প্রত্যেককে নিজ নিজ এলাকার সড়ক, ফুটপাত, নিরাপত্তাবেষ্টনী, পরিচ্ছন্নতা ও সবুজায়ন কার্যক্রমের সার্বিক পরিস্থিতি সম্পর্কে হালনাগাদ তথ্য রাখতে হবে।
সভায় চসিকের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা ক্যাপ্টেন শামীম মোহাম্মদ খান, প্রধান প্রকৌশলী আনিসুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।







