
নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
চট্টগ্রামের রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার হিসেবে কর্মরত জাহাঙ্গীর আলমকে গত ১৪ নভেম্বর থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে গত রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা প্রজ্ঞাপন জারি করা হয়। মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে।এর আগে গত ১৪ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে নগরের নাসিরাবাদ হাউজিং সোসাইটির পুলিশ অফিসার্স মেস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সরকারি চাকরি আইন অনুযায়ী, গ্রেপ্তারের দিন ১৪ নভেম্বর থেকেই তাঁর সাময়িক বরখাস্ত কার্যকর করা হয়েছে। এ সময়ে বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন তিনি।







