,

শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ১১তম মৃত্যুবার্ষিকী কাল

শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ১১তম মৃত্যুবার্ষিকী কাল

বিএনপির সাবেক জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, ছয়বারের নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সংসদবিষয়ক উপদেষ্টা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ১১তম মৃত্যুবার্ষিকী ২২ নভেম্বর। এ উপলক্ষে তাঁর জন্মভূমি রাউজানে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনগুলো।
কর্মসূচির অংশ হিসেবে ২২ নভেম্বর সকালে রাউজানের গহিরায় তাঁর পৈতৃক নিবাসসংলগ্ন পারিবারিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হবে। বিকেল ২.৩০টায় গহিরা কলেজ হলরুমে স্মরণসভা অনুষ্ঠিত হবে।
স্মরণসভায় চট্টগ্রামের সংসদ সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদসহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করবেন। তাঁরা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর রাজনৈতিক জীবন, সংসদীয় ভূমিকা, নেতৃত্ব, বাগ্মিতা এবং বৃহত্তর চট্টগ্রামের রাজনীতিতে তাঁর অবদান ও স্মৃতিচারণ করবেন।
উল্লেখ্য, ২০১৫ সালের ২২ নভেম্বর দিবাগত রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সাজানো মামলায় তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মৃত্যুকালে তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ছয়বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এবং মন্ত্রিসভার সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সংসদবিষয়ক উপদেষ্টা ছিলেন।
সংসদে সাবলীল বাগ্মিতা, ক্ষুরধার বক্তব্য, উপস্থিত বুদ্ধি ও স্বতন্ত্র রাজনৈতিক ব্যক্তিত্বের কারণে তিনি জাতীয় রাজনীতিতে বিশেষ পরিচিতি অর্জন করেছিলেন। রাউজান, রাঙ্গুনিয়া ও ফটিকছড়িসহ বৃহত্তর চট্টগ্রামের রাজনীতিতে তাঁর দীর্ঘদিনের প্রভাব ও সম্পৃক্ততা ছিল।
তাঁর মৃত্যুকে ঘিরে বিচার, রাজনৈতিক বিতর্ক এবং দাফনের স্থান নিয়ে সৃষ্ট ঘটনাবলি আজও রাজনৈতিক অঙ্গনে আলোচিত।
১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচিতে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার পাশাপাশি তাঁর রাজনৈতিক জীবন ও কর্মের বিভিন্ন দিক নতুন প্রজন্মের সামনে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।