
অপরাধ দমনে সরকারের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ বোস্তামীর আংশিক) আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। রোববার (৮ মার্চ) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সভায় তিনি বলেন, ঈদ পর্যন্ত এবং পরবর্তী সময়েও পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার কাজ করে যাচ্ছে। একইসঙ্গে অপরাধকে জিরো টলারেন্সের মধ্যে এনে চট্টগ্রামকে নিরাপদ রাখতে সব ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। শান্তিচুক্তি প্রসঙ্গে তিনি বলেন, বৈঠকে পার্বত্য শান্তিচুক্তির বাকি অংশ বা এ ধরনের কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি। বিষয়টি প্রধানমন্ত্রী দেখছেন।
যেকোনো ধরনের অপরাধের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সরকার জিরো টলারেন্স নীতিতে কাজ করছে জানিয়ে প্রধান অতিথি মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এটি একটি নিয়মিত বৈঠক। অপরাধের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সরকার জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।চট্টগ্রামে দ্রব্যমূল্যসহ অনেক বিষয় বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এটি প্রশাসন এবং বর্তমান সরকারের একটি সফলতা।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান ,সংসদ সদস্য এনামুল হক এনাম ,মোস্তাফা কামাল পাশা এমপি,সরোয়ার জামান নিজাম এমপি,জসিম উদ্দীন আহম্মদ এমপি, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।







