
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চলমান এসএসসি ও সমমান পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে তিনি উপজেলার বালিকা উচ্চ বিদ্যালয় এবং আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি কেন্দ্রগুলোর দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিনসহ মাধ্যমিক শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকার পরীক্ষা পদ্ধতির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি জানান, বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে সন্তোষজনক পরিবেশ লক্ষ্য করা গেছে এবং দায়িত্বরত কর্মকর্তারা সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা করছেন।
জেলা প্রশাসক আরও বলেন, শিক্ষার্থীদের মেধাবী হিসেবে গড়ে ওঠা এবং দেশ গঠনে ভূমিকা রাখার লক্ষ্যে সরকার কাজ করছে। পরীক্ষার্থীরা যেন যথাযথ প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশ নিতে পারে, সে বিষয়েও প্রয়োজনীয় সব ব্যবস্থা রাখা হয়েছে।
এ সময় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, তাদের প্রস্তুতির সঙ্গে প্রশ্নপত্রের সামঞ্জস্য রয়েছে এবং তারা স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দিচ্ছে।







