রাউজানে বাবলু হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার

রাউজানে বাবলু হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার

চট্টগ্রামের রাউজানে প্রতিবাদী যুবক মোহাম্মদ কাউছার জামান বাবলু (৩৪) হত্যাকাণ্ডের ঘটনায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মো. শফি (৩৯) ও মো. সুমন (৩৩)। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পৌরসভার আলিখীল খামারটিলা (জঙ্গল রাউজান) এলাকায় বিএনও ব্রিকফিল্ডের উত্তর-পূর্ব পাশের সড়কে পূর্ব বিরোধের জেরে বাবলুকে গুলি করে হত্যা করা হয় রাউজান থানা পুলিশ জানান।
নিহত বাবলু পূর্ব রাউজানের নইম সওদাগর বাড়ির বাসিন্দা এবং আবুল কালামের ছেলে। ঘটনার সময় তাঁর সঙ্গে থাকা পুলিন নামে এক ব্যক্তি ধাওয়া খেয়ে দৌড়ে পালিয়ে প্রাণে রক্ষা পান বলে জানা গেছে।
এ ঘটনায় নিহতের পিতা আবুল কালাম বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জনকে আসামি করে রাউজান থানায় মামলা দায়ের করেন।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন-এর নির্দেশনায় রাউজান থানা পুলিশ দ্রুত অভিযান শুরু করে। ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম-এর নেতৃত্বে তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আনিছুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে পূর্ব রাউজান এলাকা থেকে ৩ নম্বর আসামি শফি এবং ৫ নম্বর আসামি সুমন-কে গ্রেফতার করেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে দুই আসামি গ্রেফতারে এলাকাবাসীর মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এলেও হত্যার মুল পরিকল্পনাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। স্থানীয়দের ভাষ্য, সাম্প্রতিক সময়ে রাউজানে ধারাবাহিক গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডে জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। পুলিশের দৃশ্যমান অভিযান, টহল বৃদ্ধি এবং দ্রুত গ্রেফতার অভিযান পরিচালনা করা হলে সাধারণ মানুষের মধ্যে আস্থা ফিরে আসবে বলে তারা মনে করছেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email