
গতকাল ১৯ মে মঙ্গলবার লালদীঘি পাড়স্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে পুলিশ কমিশনার হাসান মো: শওকত আলী মহোদয় এবং রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়|
রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির নেতৃত্ব দেন রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদুল হাসান ।
সভায় রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট পুলিশ কমিশনার এর কাছে রিহ্যাবের স্বার্থসংশ্লিষ্ট কয়েকটি বিষয় তুলে ধরেন। সভায় তিনি রিহ্যাব সদস্য, ভূমি মালিক ও ক্রেতার সাথে সৃষ্ট মতবিরোধ বা অন্য কোন সমস্যা সমাধানের জন্য রিহ্যাব এবং পুলিশের সমন্বয়ে একটি যৌথ কমিটি গঠনের প্রস্তাব করেন। এসময় তিনি উল্লেখ করেন, রিহ্যাব সদস্য, ভূমি মালিক ও ক্রেতার সাথে সৃষ্ট মতবিরোধ রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারা ৩৬ (১) এর অনুবলে প্রথমে আপোষে নিষ্পত্তির প্রচেষ্টার বাধ্যবাধকতা রয়েছে। উপরোক্ত বিষয়ে কোন মতবিরোধ সৃষ্টি হলে থানায় অভিযোগ গ্রহনের আগে রিহ্যাবের মেডিয়েশন এ্যান্ড কাস্টমার কেয়ার কমিটি বরাবর প্রেরণের অনুরোধ করেন।
সভায় রিহ্যাবের পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-১ সারিস্ত্ বিনতে নুর বলেন, চট্টগ্রামে বর্তমানে রিহ্যাব সদস্য বহির্ভূত অনেক ডেভেলপার প্রতিষ্ঠান রয়েছে এবং ব্যক্তি পর্যায়েও অনেকে শেয়ার বিল্ডিং তৈরি করে রিয়েল এস্টেট ব্যবসা করছে। এ সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান সরকারী নিয়ম নীতি না মেনে ভবন ˆতর করছে এবং গ্রাহকদের সাথে প্রতারণা করছে, কিন্তু এর ভিত্তিহীণ দায় এসে পড়ছে রিহ্যাব এর উপর। এতে রিহ্যাব এর সুনাম ক্ষুন্ন হচ্ছে। এ বিষয়ে সহায়তার জন্য তিনি পুলিশের সুদৃষ্টি কামনা করে সংশ্লিষ্ট থানায় অযথা হয়রানী না করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের আহবান জানান এবং সিএমপি ও রিহ্যাব এর সমš^য়ে একটি যৌথ মনিটরিং সেল গঠনের আহবান জানান।
সভায় রিহ্যাবের এর পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-২ এ এস এম আবদুল গাফফার মিয়াজী বলেন প্রকল্পের কাজ করতে গিয়ে অনেক সময় ভূমি মালিক, প্রভাবশালী ব্যাক্তি কর্তৃক অনেক হয়রানির শিকার হতে হয়। এতে ডেভেলপার কোম্পানী আর্থিক ক্ষতি ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয় এ জন্য আমাদের প্রশাসনিক সহায়তার প্রয়োজন হয়।
মতবিনিময় সভায় পুলিশ কমিশনার হাসান মো: শওকত আলী মহোদয় দেশের আবাসন সংকট সমাধানে রিহ্যাবের অবদান এবং সামাজিক কর্মকান্ডের প্রশংসা করেন| এ সময় রিহ্যাব সদস্যদের যেকোন সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের জন্য প্রতিটি থানায় প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং রিহ্যাব সদস্যদের সমস্যাগুলো সমাধানের জন্য সিএমপির পক্ষ থেকে একজন কর্মকর্তাকে দায়িত্ব প্রদানের নির্দেশনা দেন। এ সময় তিনি আইন মেনে যথা সময়ে ভবন নির্মাণ করার বিষয়ে রিহ্যাব প্রতিনিধিদের প্রতি আহবান জানান|
সভায় উপস্থিত ছিলেন ডিসি (সদর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত মোঃ ফেরদৌস আলী চৌধুরী,বিপিএম এবং রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য হৃষিকেশ চৌধুরী, সৈয়দ ইরফানুল আলম, জনাব নুর মোহাম্মদ, আশীষ রায় চৌধুরী|







