চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন প্রয়াত চেয়ারম্যানের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন প্রয়াত চেয়ারম্যানের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম-এর তিনজন প্রয়াত চেয়ারম্যান—প্রফেসর এম. এম. আহসান উল্লাহ, প্রফেসর ড. এনায়তুর রহমান এবং প্রফেসর রণজিৎ ধর-এর স্মরণে এক স্মরণসভা আজ বুধবার বোর্ডের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম-এর বর্তমান চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন বোর্ডের সচিব প্রফেসর মোহাম্মদ জহিরুল হক স্বপন। স্মরণসভায় বোর্ডের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

স্মরণসভায় বক্তারা প্রয়াত চেয়ারম্যানদের কর্মময় জীবন, নেতৃত্বগুণ এবং শিক্ষা উন্নয়নে তাঁদের অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা বলেন, ১৯৯৫ সালে চট্টগ্রাম শিক্ষা বোর্ড প্রতিষ্ঠার পর প্রতিষ্ঠানটিকে একটি কার্যকর, গতিশীল ও সেবামুখী প্রতিষ্ঠানে রূপ দিতে প্রয়াত তিন চেয়ারম্যান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁদের সততা, নৈতিকতা, কর্মনিষ্ঠা এবং দূরদর্শী নেতৃত্ব চট্টগ্রাম অঞ্চলের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও বিস্তারে বিশেষ অবদান রেখেছে।

অনুষ্ঠানে বোর্ডের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা প্রয়াত চেয়ারম্যানদের সঙ্গে তাঁদের কর্মজীবনের নানা স্মৃতি ও অভিজ্ঞতা তুলে ধরেন। তাঁরা উল্লেখ করেন, প্রয়াত চেয়ারম্যানগণ কেবল দক্ষ প্রশাসকই ছিলেন না, বরং মানবিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তিত্ব হিসেবেও সকলের কাছে সমাদৃত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বোর্ড চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, “চট্টগ্রাম শিক্ষা বোর্ডকে সত্যিকার অর্থে একটি জনমুখী ও আধুনিক শিক্ষাপ্রশাসন প্রতিষ্ঠানে পরিণত করতে প্রয়াত তিন চেয়ারম্যান অক্লান্ত পরিশ্রম করেছেন। তাঁদের অবদান চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে।”

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রয়াত চেয়ারম্যানদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সবশেষে বোর্ডের সচিব প্রফেসর মোহাম্মদ জহিরুল হক স্বপন উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email