,

বেশ্যা- –কোহিনূর আক্তার

বেশ্যা- --কোহিনূর আক্তার
বেশ্যা না হয় বেশ্যা হলো
তাতে তোমার কী ?
বেশ্যা নাম লিখে দিলে
তোমার পাপেরই কি পরিচয় ?
বেশ্যা যদি রাতের অন্ধকার,
তুমি তবে কোন প্রভাত ?
বেশ্যার নামে কলঙ্ক এঁকে
ধুয়ে ফেলবে নিজের হাত ?
বেশ্যা সেইও নারী,
যাকে তোমরা ভাঙতে চেয়েছিলে
ভাঙা কাঁচের মতোই
আজও আলো ছড়াই
তোমাদের অন্ধকারের মুখে ।
বেশ্যা না হয় তোমাদের অভিধানে
একটি নিষিদ্ধ শব্দ হয়ে রইল ,
তবু মনে রেখো,
শব্দ মুছে ফেলা যায়,
তার জন্মের ইতিহাস নয় ।
যে সমাজ বেশ্যার নাম দিল
সে সমাজ বেশ্যার স্বাদ নিলো ।
বেশ্যা কে কিনেছিল যে হাত,
তার পবিত্রতার প্রশংসাপত্র
লিখেছিল কোন মহাজাত ?
বেশ্যার যে কলঙ্ক দাও,
বলো কলঙ্কেরই বা জন্ম কোথায় ?
বেশ্যার দেহের বিচার হলে,
তোমার বিবেক দাঁড়াবে কোথায় ?
বেশ্যা না হয় বেশ্যা হলো
বলো, তোমার পবিত্রতা কোথায় ?
সমাজ যদি পবিত্র হয় ,
বেশ্যা তবে কোথায় জন্মায় ?