
কাতারের উত্তর উপকূলে একটি বাণিজ্যিক জাহাজে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। বুধবার (০৭ অক্টোবর) যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্যবিষয়ক সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এই তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, কাতারের মাদিনাত আশ-শামাল থেকে ৫১ নটিক্যাল মাইল উত্তরে অ্যান্টিগুয়া ও বারবুডার পতাকাবাহী ‘অ্যাসারস’ নামের ট্যাংকারটিতে একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয় এবং বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে হতাহতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত করা হয়নি।
উপসাগরের মাঝামাঝি বাণিজ্যিক জাহাজে এমন হামলার ঘটনা বিরল। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের উত্তেজনার মাঝে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরে জাহাজে হামলা আশঙ্কাজনকভাবে বেড়েছে। ইউকেএমটিও-র তথ্য অনুযায়ী, চলতি মাসের শুরুতেই হরমুজ প্রণালিতে অন্তত ৯টি ট্যাংকারে হামলার খবর পাওয়া গেছে।







