
হাটহাজারীতে মানবিক সহায়তা অনুষ্ঠানে সালাউদ্দীন আলী—‘অসহায় প্রবাসী পরিবারের পাশে সবসময় থাকবে ইউএই সমিতি’
সংযুক্ত আরব আমিরাত হাটহাজারী সমিতির উদ্যোগে দুইজন প্রবাসী মরহুমের শোকসন্তপ্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান উপলক্ষে এক মানবিক সহায়তা অনুষ্ঠান আজ হাটহাজারীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
সমিতির সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন তালুকদার, সিআইপি-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের গভর্নিং বডির সদস্য ও সংযুক্ত আরব আমিরাত হাটহাজারী সমিতির অন্যতম সদস্য লায়ন সালাউদ্দীন আলী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক পূর্বকোণের হাটহাজারী প্রতিনিধি খোরশেদ উল আলম শিমুল,সমিতির অন্যতম সহ-সভাপতি এনামুল হক ফোরকান, মোহাম্মদ মাহাবুবুল আলম,মোহাম্মদ দিদারুল আলম, মাওলানা নাছির উদ্দিন, দিদার আলম দিদার,মাহাবুব আলম মাহাবুব,মোহাম্মদ নাছির উদ্দীন খোকন, নিজাম উদ্দিন, তৌহিদুল আলম, মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ রেজাউল আমিন, বাদশা মিয়া, মৌলনা শোয়াইব , মৌলনা হাফেজ মাসুদ, মোহাম্মদ জালাল, মোহাম্মদ আনিছ, প্রমুখ
সহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে গুমানমর্দন এলাকার মরহুম হোসেনের পরিবারের হাতে ১ লক্ষ টাকা এবং মেখল ইউনিয়নের মরহুম খোরশেদ আলমের পরিবারের হাতে ৫০ হাজার টাকা আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে লায়ন সালাউদ্দীন আলী বলেন,”প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। জীবিকার তাগিদে পরিবার-পরিজন ছেড়ে বিদেশে অবস্থানরত অনেক প্রবাসী ভাই নানা প্রতিকূলতার মধ্য দিয়ে জীবনযাপন করেন। তাদের কেউ অকাল মৃত্যুবরণ করলে পরিবার চরম সংকটে পড়ে। সেই মানবিক দায়বদ্ধতা থেকেই সংযুক্ত আরব আমিরাত হাটহাজারী সমিতি অসহায় ও বিপদগ্রস্ত প্রবাসী পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে।”
তিনি আরও বলেন,”মানবসেবাই আমাদের মূল লক্ষ্য। সমাজের যেসব প্রবাসী পরিবার আর্থিক ও সামাজিকভাবে দুর্বল অবস্থায় রয়েছে, তাদের পাশে আমরা সবসময় থাকার অঙ্গীকার করছি। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ শুধু পরিবারের নয়, দেশের অর্থনীতিকেও সমৃদ্ধ করছে। তাই তাদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রদর্শন করা আমাদের নৈতিক দায়িত্ব।”
তিনি প্রবাসী কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন,”মানুষ মানুষের জন্য। আসুন আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে অসহায় ও শোকাহত পরিবারের পাশে দাঁড়াই। সামাজিক সম্প্রীতি, মানবিকতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি কল্যাণমুখী সমাজ গড়ে তুলি।”
বক্তারা প্রবাসী মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। অনুষ্ঠানের শেষে মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।







