
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তিতে হীরকজয়ন্তী উপলক্ষে আগামীকাল বুধবার অনুষ্ঠিতব্য বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করেছেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান, উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন এবং মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে গিয়ে অনুষ্ঠানের মঞ্চ নির্মাণ, সাজসজ্জা, অতিথিদের আসনবিন্যাস, সার্বিক ব্যবস্থাপনা এবং অন্যান্য প্রস্তুতিমূলক কাজ ঘুরে দেখেন উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়। এসময় সংশ্লিষ্টদের কাছ থেকে প্রস্তুতির অগ্রগতি ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন তাঁরা।
পরিদর্শনকালে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান হীরকজয়ন্তীর অনুষ্ঠান সফল, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে সব প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করা এবং অনুষ্ঠানস্থলের সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা ও ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, আয়োজক কমিটির সদস্য এবং প্রস্তুতিমূলক কাজে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।







